দেশের অর্থনৈতিক সংকট ও জ্বালানি পরিস্থিতিতে সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে বর্তমান পরিস্থিতিতে আরও কিছুদিন পর এ ধরনের কর্মসূচি দিলে ভালো হতো।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, “আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছিল। দেশের বিপুল সম্পদ নিঃশেষ করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলা হয়েছিল।”

বিগত সরকারের সময়ের লুটপাট ও বিভিন্ন চুক্তির সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের প্রতিবেদনে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট ও পাচারের তথ্য উঠে আসে। পরবর্তী সময়েও অর্থ পাচারের নানা তথ্য সামনে এসেছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, বিগত সরকারের বিভিন্ন চুক্তির দায়ভার এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এ সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাসাবাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে সোলার সিস্টেম স্থাপনে মানুষকে উৎসাহিত করতে কর সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “সরকারি দল থেকে রাজপথে তাদের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না। আমরা মানুষের বিবেকের কাছে বিচার দেব। জনগণ বোকা নয়, তারা সব বোঝে। ছয় মাস সময় পাওয়ার আগেই যদি রাজপথে নেমে যাওয়া হয়, জনগণই তার মূল্যায়ন করবে।”
দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে আগামী সংসদ অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দলের পক্ষ থেকে দেওয়া নোটিশগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ সময় বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম, কার্যনির্বাহী সদস্য কাজী জেবেল ও নাজিয়া আফরিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!