ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়নে এ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কবি জসীম উদদীন হলে আয়োজিত অনুষ্ঠানে সেন্টারটির উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, হল সংসদের ভিপি উসমান গনী, এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক কাজ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ট্রেনিং এবং একইসঙ্গে একটি ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি কাজে আসবে।”
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রতিটি হলের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর একাডেমিক কাজের জন্য ব্যক্তিগত ল্যাপটপ নেই। তারা এই সে
ন্টারে এসে নিজেদের একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আইটি ও ক্যারিয়ার-সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ বলেন, ল্যাবটির সার্বিক তত্ত্বাবধান করা হবে। একইসঙ্গে এটিকে শিক্ষার্থীদের জন্য আরও বেশি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, এর আগে শেখ মুজিবুর রহমান হলে এ ধরনের আইটি ল্যাব স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক সহায়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!