রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বাড়ছে বিজিবির সক্ষমতা

দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বাড়ছে বিজিবির সক্ষমতা

সিলেট, ১ সেপ্টেম্বর ২০২৬: দুর্গম ও বনাঞ্চলঘেরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করতে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নাইট ভিশন ও থার্মাল প্রযুক্তিসম্পন্ন ড্রোনের মাধ্যমে রাতের আঁধারেও সীমান্তে চালানো যাবে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারি। এতে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের রুট শনাক্ত ও প্রতিরোধ আরও সহজ হবে।
মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’ উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রে বিজিবি সদস্যদের সীমান্ত নজরদারি ও ড্রোন পরিচালনার পাশাপাশি ড্রোন ওয়ারফেয়ারের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে বেসামরিক জনবলকেও উন্নত প্রযুক্তি ও ড্রোন পরিচালনায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যুক্ত করে দেশের নিরাপত্তা সক্ষমতা আরও বাড়ানো হবে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগ ও উদ্ধার অভিযানেও ড্রোন কার্যকর ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এবং দুর্গম পয়েন্টে ত্রাণ পৌঁছে দিতে বিজিবি সফলভাবে ড্রোন ব্যবহার করেছে।
মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করা হয়েছে। জেলা পর্যায়ে ল্যাব, হাজতখানা, ডগ স্কোয়াড ও আধুনিক অস্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। আইনি প্রক্রিয়ায় বাধা দিতে ‘মব’ সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।
উদ্বোধনের আগে মন্ত্রীকে SSSDW-এর প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পরে তিনি ড্রোন স্কুল কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন এবং বিজিবির পরিচালনায় বাস্তবভিত্তিক অপারেশনাল মহড়া ও ডাইনামিক ড্রোন ডিসপ্লে প্রত্যক্ষ করেন।
বিজিবির এই নতুন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রার মধ্য দিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতার নতুন অধ্যায় শুরু হলো।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ...
পরবর্তী সংবাদছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ