নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ়। তাই বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। নানা নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মধ্যেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যাননি। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে তিনি শেষ পর্যন্ত দৃঢ় ছিলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম একপর্যায়ে গণআন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার অবর্তমানে তার আদর্শ, সাহস ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জনগণের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন।
তিনি বলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের পর উন্নয়ন, উৎপাদন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হার্ভেস্ট কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মহেশখালীর টার্মিনালের কারিগরি ত্রুটি সমাধানের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায়ও কাজ চলছে।
দল ও সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দল ও সরকার আলাদা সত্তা হলেও তারা পরস্পরের পরিপূরক। বিএনপি সাংগঠনিক দায়িত্ব পালন করবে, আর সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।
রিজভী বলেন, সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সংকট ও নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি এগিয়ে যাবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!