ঢাকা, ৩১ আগস্ট ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ। সোমবার স্পিকারের কার্যালয়ে তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, গণতান্ত্রিক সংস্কার ও সংসদীয় কূটনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বারবার আত্মত্যাগ করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ দীর্ঘ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের অবসান ঘটে।
স্পিকার আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসের অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ দায়িত্ব পালন করছে।
আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পূরণ করা সম্ভব। সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার মাধ্যমে জনগণের আস্থাভাজন একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকালে জাতিসংঘ ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র ও সংসদীয় কূটনীতি নিয়ে আলোচনা
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!