চাঁদপুর শহরের ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের তিন সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পারায় তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তাদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ দলের নেতৃত্ব দেওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর পিন্টু দাসের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মানুষের কাছ থেকে বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পারায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি আত্মগোপনে গেছেন।
চাঁদপুর থেকে একই পরিবারের চারজন নিখোঁজের ঘটনায় পুলিশ প্রশাসনে উদ্বেগ তৈরি হয়। পরে তাদের উদ্ধারে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে তৎপরতা শুরু করে। দুই দিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়।
এদিকে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে পিন্টু দাসের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের নিখোঁজের খবর প্রকাশের পর পুলিশ তাদের উদ্ধারে কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং পুলিশের বিশেষ দলের অভিযানে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পিন্টু দাস ও তার পরিবারের সদস্যরা কেন আত্মগোপনে গিয়েছিলেন এবং স্বর্ণ বন্ধক-সংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!