আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বুধবার সকালে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে ভূমিকম্পের কারণে নয়, বরং ভূমিধসের ফলে হিমবাহ ধসে পড়ায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় ইউএসজিএস জানায়, সকালে নেপাল-চীন সীমান্তের কাছে যে কম্পনটি প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত হয়েছিল, পরবর্তী বিশ্লেষণে সেটি হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ বলে নিশ্চিত হওয়া গেছে। ওই সময় সেখানে কোনো ভূমিকম্প হয়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে কাঠমান্ডুর উত্তরে ঘটনাটি প্রথমে ভূমিকম্প হিসেবে শনাক্ত করা হয়। পরে দেখা যায়, ভূমিধসের ফলে বরফ, পাথর ও ধ্বংসাবশেষ নদীতে নেমে গিয়ে প্রবল স্রোতের সৃষ্টি করে। ইউএসজিএস পরে এ ঘটনার শক্তিকে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে নথিভুক্ত করেছে।
প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবির প্রাথমিক বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, নেপাল-চীন রাসুয়াগড়ি সীমান্তের প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে লেন্দে নদীতে বরফ ও পাথরের ভূমিধসের কারণে ধ্বংসাবশেষবাহী বন্যা তৈরি হয়। লেন্দে নদী ভোতে কোশি নদীর একটি শাখা।
১৫৭ মরদেহ উদ্ধার
এই আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৫৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগের কয়েক ঘণ্টা পর অন্তত ৪০৩ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।
কাদামাটির নিচে চাপা পড়া মানুষ ও মরদেহ উদ্ধারে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ত্রাণ ও উদ্ধারকাজে সরকারের সব ধরনের সম্পদ ব্যবহারের আশ্বাস দিয়েছেন।
তিব্বতেও হতাহত
নেপালের পাশাপাশি চীনের তিব্বত অঞ্চলেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তিব্বতের জিরং এলাকায় তিনজন নিহত হয়েছেন এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল-তিব্বত সীমান্তের তিব্বত অংশে ধারণ করা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পাথর, কাদা ও পানির প্রবল স্রোতে ভবন ও যানবাহন ধ্বংস হওয়ার আগে বহু মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করছেন।
এদিকে নুয়াকোট ও ধাদিংয়ের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা নিখোঁজ স্বজনদের খোঁজে নেপাল সেনাবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রের বাইরে জড়ো হয়েছেন। ওই কেন্দ্র থেকেই হেলিকপ্টারে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকার অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাতে পুলিশ মোবাইল ফোনের আলো ব্যবহার করে নিখোঁজ ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করছে।
দুর্যোগে বহু বাড়িঘর, গাছপালা ও যানবাহন কাদা ও ভূমিধসের নিচে চাপা পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে জীবিতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!