বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের আহ্বান মাহ্দী আমিনের

শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের আহ্বান মাহ্দী আমিনের

সঠিক নীতিমালা, মানসম্মত শিক্ষা এবং সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকাভিত্তিক বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে শিক্ষা, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলোও সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

কেরানীগঞ্জের অনানুষ্ঠানিক তৈরি পোশাক খাতে শিশুশ্রম কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে শিশুদের শ্রম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হলে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষাকে সহজলভ্য ও আকর্ষণীয় করতে হবে।

তিনি জানান, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

শিক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে।

শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষায় এমন বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীরা পায়। পরিবার যেন সন্তানকে স্কুলে পাঠিয়ে অর্থনৈতিক সহায়তা পায়, সেই ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবের কথা উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, বাবা-মায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন, সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিশুশ্রম কমাতে হবে। এ ক্ষেত্রে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারের মায়েদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে হবে না উল্লেখ করে তিনি বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের সুরক্ষায় সমন্বিত নীতিমালা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের একযোগে কাজ করতে হবে।

মাহ্দী আমিন বলেন, কোনো একক প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের পক্ষে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয়। মহিলা ও শিশুবিষয়ক, শ্রম ও কর্মসংস্থান, শিক্ষা, আইন, স্বরাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম বন্ধেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, শিশুরা শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ ও দক্ষতা অর্জন করবে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদসহ বিভিন্ন শ্রমিক, মালিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদদক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্...
পরবর্তী সংবাদমাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত এ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ