সংবাদ বিজ্ঞপ্তি/
*দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান ঢাকা চেম্বারের*
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল-এর মধ্যকার সৌজন্য সাক্ষাৎ গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ডিসিসিআই গুলশান সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সন্তোষজনক হলেও বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বেসরকারি খাতের অধিকতর সম্পৃক্ততার মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিধি সম্প্রসারণ ও পণ্য বৈচিত্র্যকরণের ব্যাপক সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ। তিনি জানান, তিনি জানান, ২০২৫ অর্থবছরে দুদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩০১.২০ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৭৭.১৬ এবং ১২৪.০৪ মিলিয়ন মার্কিন ডলার।
ডিসিসিআই সভাপতি ঔষধ, জুতা, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক, বাইসাইকেল, হিমায়িত সামুদ্রিক খাদ্য এবং কৃষি প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, লেনদেন ব্যয় হ্রাস, ব্যাংকিং ও অর্থ পরিশোধসংক্রান্ত প্রতিবন্ধকতা নিরসন এবং সামগ্রিকভাবে দুই দেশের মধ্যকার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।
দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল বলেন, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা এবং দেশটির শিল্প ও উৎপাদন খাতের ভিত্তি অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিশেষকরে তাঁর দেশ হতে প্লাটিনাম, স্বর্ণ, হীরা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ও লৌহ আকরিকসহ বিভিন্ন খনিজ সম্পদ আমদানির জন্য হাইকমিশনার বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তথ্য-প্রযু্িক্ত, কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি হস্তান্তর, ড্রেজিং প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত আর্থিক ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন খাতে দুদেশের উদ্যোক্তারা যৌথভাবে কাজ করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে উভয় দেশের মধ্যে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়েরও প্রস্তাব দেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার।
এ সময় ডিসিসিআই’র সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালক সাইফ উদ্দৌলাহ ও সৈয়দ মামনুন কাদেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!