মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। এমনকি কয়েকটি প্রাণঘাতী হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে জরুরি নয়—এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি এখন আগের চেয়ে বেশি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, সমুদ্রপথে আক্রমণ এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্যবস্তু করার সক্ষমতা—সব মিলিয়ে তেহরানের সামরিক শক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনের।
২৩ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন। স্মারকে বলা হয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান। কিছু প্রাণঘাতী হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের প্রতি ইরানের হুমকি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমনকি ইউরোপের কয়েকটি সম্ভাব্য লক্ষ্যবস্তুও ইরানের নজরে রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এরই মধ্যে ২১ অক্টোবর সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয়—এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইভাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননে মার্কিন কূটনৈতিক মিশনগুলোতেও কর্মীসংখ্যা কমানো হচ্ছে।
### ক্ষেপণাস্ত্রভান্ডারই ইরানের বড় শক্তি
ইরানের সামরিক সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি দেশটির বিশাল ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত সবচেয়ে বড়।
দেশটির হাতে রয়েছে স্বল্প ও মধ্যমপাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফাতেহ, জলফাগর, কিয়াম-১, শাহাব-১ ও শাহাব-২-এর মতো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০ থেকে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
অন্যদিকে শাহাব-৩, এমাদ, গাদর-১, খোররামশাহ, সেজিল, খাইবার শেকান ও হজ কাসেমের মতো মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো সম্ভব।
বিশেষ করে কঠিন জ্বালানিচালিত সেজিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়। ফলে যুদ্ধের পরিস্থিতিতে এটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা হিসেবে বিবেচিত।
### ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র?
ইরান দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমিত রাখার কথা বলে আসছে। তবে গত ২০ মার্চ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার অভিযোগ ওঠে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, ইরান ওই ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর একটি মাঝপথে ভেঙে পড়ে, অন্যটির গতিপথ প্রতিহত করা হয় বলে ধারণা করা হয়। তবে ইরান এ হামলার দায় অস্বীকার করেছে।
ইরান থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। ফলে এ ঘটনা দেশটির ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ইরান ঘোষিত সীমার চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তবে ইউরোপের বড় শহরগুলোতে হামলার সক্ষমতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
# ড্রোনে বাড়তি সামরিক সক্ষমতা
ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের সামরিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ড্রোন। শাহেদ, আবাবিল ও মোহাজের সিরিজের বিভিন্ন ড্রোন রয়েছে দেশটির হাতে। এগুলোর কিছু নজরদারিতে, কিছু সরাসরি হামলায় এবং কিছু উভয় কাজে ব্যবহার করা যায়।
বিশেষ করে শাহেদ-১৩৬-এর মতো একমুখী হামলার ড্রোন তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব। বিস্ফোরক বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এগুলো ধ্বংস হয়ে যায়।
একসঙ্গে বিপুলসংখ্যক ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলতে পারে ইরান। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের নকশায় তৈরি শাহেদ-১৩৬ ড্রোন গেরান-২ নামে ব্যবহার করছে।
### ভূগর্ভে ক্ষেপণাস্ত্রের গোপন ঘাঁটি
ইরানের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রঘাঁটি। দেশটির বিভিন্ন প্রদেশে অন্তত পাঁচটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেরমানশাহ ও সেমনানসহ বিভিন্ন এলাকায় এসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের ব্যবস্থা রয়েছে। ফলে বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একবারে ধ্বংস করা কঠিন হতে পারে।
২০২০ সালে প্রথমবার ভূগর্ভস্থ স্থাপনা থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানায় ইরান। এ ছাড়া ২০২৩ সালে শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবিও করে দেশটি। তবে এসব অস্ত্রের কার্যকর সক্ষমতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত।
### হরমুজ প্রণালি ও যোগাযোগ অবকাঠামোও ঝুঁকিতে
ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নয়। উপসাগরের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও যোগাযোগের তারও লক্ষ্যবস্তু হতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে দুই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে উপসাগরের তলদেশে থাকা যোগাযোগের কেবলগুলোতে আঘাত করার পরিকল্পনা রয়েছে তেহরানের। এতে ইন্টারনেট ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হতে পারে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ-মাইন, ড্রোন ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে সামরিক ও বাণিজ্যিক জাহাজের চলাচলে বাধা সৃষ্টি করার সক্ষমতাও রয়েছে ইরানের।
### যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড কতটা ঝুঁকিতে?
গত ২৬ অক্টোবর মিসিসিপিতে এক নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরেও পৌঁছাতে পারে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে পারবে—এমন সক্ষমতার স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এক মার্কিন কর্মকর্তাও নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইরানের পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নের সক্ষমতা সীমিত।
তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা, সেনাসদস্য ও নাগরিকেরা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছেন। নতুন করে সংঘাত শুরু হলে মিত্রদেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোও ঝুঁকিতে পড়তে পারে।
সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি হামলার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার মতো সামরিক সক্ষমতা ইরানের রয়েছে। আর সম্ভাব্য হামলার গোয়েন্দা সতর্কবার্তার পর কূটনৈতিক মিশনগুলো থেকে কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের উদ্বেগেরই প্রতিফলন।
**তথ্যসূত্র: অ্যাক্সিওস, নিউইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা।**
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!