নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে তদারকির অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় তিনি উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় পর্যালোচনা করেন।
মহাপরিচালক বলেন, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে তাৎক্ষণিক সাড়াদান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করেছে। ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাহিনীর নিজস্ব মনিটরিং টিমের তদারকিতে রয়েছে।
তিনি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি গুজব, অপপ্রচার ও উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নিরাপত্তার পাশাপাশি হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার, বয়স্ক দর্শনার্থীদের সহায়তা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায়ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বাহিনীটি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!