রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

বাটেক্সপো ফিরছে ১২ বছর পর, উচ্চমূল্যের পোশাক ও নতুন বাজারে জোর বিজিএমইএর

বাটেক্সপো ফিরছে ১২ বছর পর, উচ্চমূল্যের পোশাক ও নতুন বাজারে জোর বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক :ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের ঐতিহ্যবাহী ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ।
বৃহস্পতিবার বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতকে শুধু কম দামের পণ্য উৎপাদনকারী হিসেবে নয়, বরং উদ্ভাবন, প্রযুক্তি, নিরাপদ কর্মপরিবেশ ও পরিবেশবান্ধব উৎপাদনের আধুনিক শিল্প হিসেবে তুলে ধরাই এবারের বাটেক্সপোর অন্যতম লক্ষ্য।
বাটেক্সপো ২০২৬-এ থাকছে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব, সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন, সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ফ্যাশন রানওয়ে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা প্রতিনিধি, ব্র্যান্ড ও ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের অংশ নেওয়ার কথা রয়েছে। বাটেক্সপোর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে পোশাক সোর্সিং প্রতিষ্ঠান পিডিএস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’। বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ রোডশোর লক্ষ্য আন্তর্জাতিক ক্রেতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ বাড়ানো। বিশেষ করে যারা বর্তমানে বাংলাদেশ থেকে নিয়মিত পোশাক সংগ্রহ করেন না, এমন ব্র্যান্ড ও ক্রেতাদের আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
জাপানসহ নতুন বাজারে নজর
বিজিএমইএ সভাপতি বলেন, প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাজার ও উচ্চমূল্যের পণ্যের দিকে এগোচ্ছে পোশাক খাত। বর্তমানে বিশ্বের ১৬৭টি দেশে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হচ্ছে। জাপানের বাজার সম্প্রসারণে গঠিত ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি কমিটি’ ব্র্যান্ডগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য প্রসারে কাজ করছে।
বাংলাদেশি প্রস্তুতকারক ও জাপানি ব্র্যান্ডগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে বিজিএমইএ কার্যালয়ে ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করবেন বলে জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশকে ‘উদ্ভাবন-নির্ভর’ শিল্প হিসেবে ব্র্যান্ডিং করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সঙ্গে কৌশলগত চুক্তি, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও সিন্থেটিক ফাইবারভিত্তিক পোশাকের প্রসার এবং ভবিষ্যৎ ট্রেন্ড নিয়ে কাজ করছে বিজিএমইএ।
AI, MMF ও সবুজ শিল্পে জোর
প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তা, IoT ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপাদন পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ ও জ্বালানি সাশ্রয়ে প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
একই সঙ্গে তুলার ওপর নির্ভরতা কমিয়ে ম্যান-মেড ফাইবার (MMF), স্পোর্টসওয়্যার ও উচ্চমূল্যের পোশাক উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। টেক্সটাইল-টু-টেক্সটাইল রিসাইক্লিং ও সার্কুলার অর্থনীতির প্রসারেও নতুন কর্মপরিকল্পনার কথা জানায় সংগঠনটি।
জুলাই-আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি ৫.১২%
সংবাদ সম্মেলনে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসের রপ্তানি পরিস্থিতিও তুলে ধরা হয়। বিজিএমইএর হিসাবে, জুলাই-আগস্ট সময়ে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১২ শতাংশ। মূলত আগস্টে ১৩ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধির কারণে এ বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়।
তবে বিজিএমইএ সভাপতি বলেন, গত বছরের আগস্টে রপ্তানি তুলনামূলক কম থাকায় চলতি আগস্টের প্রবৃদ্ধি বেশি দেখা যাচ্ছে। গত তিন বছরের তুলনায় প্রকৃত ব্যবসা খুব বেশি বাড়েনি, অথচ উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গ্যাস সংকট নিয়ে স্বস্তি, দীর্ঘমেয়াদি সমাধানের দাবি
দীর্ঘদিনের গ্যাস সংকট ডাইং, ওয়াশিং ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে জানান তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়ের বৈঠকের পর শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিজিএমইএ।
তবে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU), স্থলভিত্তিক LNG স্টোরেজ টার্মিনাল, এসএমই কারখানায় গ্যাস সংযোগে অগ্রাধিকার এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানানো হয়।
পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারে কম সুদের ‘গ্রিন লোন’ চালুর দাবিও তুলে ধরা হয়।
এলডিসি উত্তরণে পাঁচ বছরের নীতি সহায়তা চায় বিজিএমইএ
এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য জাতিসংঘে সরকারের চিঠির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিএমইএ বলেছে, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি খাতে অন্তত পাঁচ বছরের জন্য বিশেষ নীতি সহায়তা প্রয়োজন।
কোম্পানি ও কাস্টমস আইন আধুনিকায়ন, ব্যবসা সহজীকরণ এবং দ্রুত এফটিএ ও ইপিএ চুক্তি সম্পাদনের দাবিও জানানো হয়।
বন্ড অডিটে পেশাদার প্রতিষ্ঠান চায় সংগঠনটি
কাস্টমস বন্ড অডিটের দীর্ঘসূত্রতা ও ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করে বিজিএমইএ। এ ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় পেশাদার অডিট ফার্মের মাধ্যমে বার্ষিক বন্ড অডিট সম্পন্ন করার স্থায়ী নীতিমালা করার দাবি জানানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্যের জন্য নিরাপদ ও আধুনিক স্থায়ী কার্গো শেড নির্মাণ এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে BNCC সংশোধন ও সংস্কারের দাবিও তুলে ধরা হয়।
শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য সরকারি জায়গা বরাদ্দের অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে আগামী বছরের শুরুতে প্রায় ১০০ শয্যার মিরপুর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।
এ ছাড়া রপ্তানি খাতে উদ্যোক্তাদের তারল্য সংকট কমাতে নগদ সহায়তার বিপরীতে প্রযোজ্য ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহার অথবা এটিকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার দাবি জানানো হয়।
বিজিএমইএ সভাপতি বলেন, উদ্যোক্তাদের সাহস ও লাখ লাখ শ্রমিকের শ্রমের ওপর দাঁড়িয়ে দেশের পোশাক শিল্প বর্তমান অবস্থানে এসেছে। প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়া গেলে বাটেক্সপো ২০২৬ ও হংকং রোডশোর মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিকে আরও উচ্চমূল্যের ও টেকসই পর্যায়ে নেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনের শেষে বাটেক্সপো ২০২৬-এর লোগো উন্মোচন করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশ...
পরবর্তী সংবাদগ্যাস-খরচের চাপে পোশাক খাত, নতুন বা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ