খসড়া সংশোধনী পর্যালোচনায় ৩০ দিন সময় | প্রয়োজনে সময় বাড়ানোর আশ্বাস | ব্যবসা সহজ করাই সরকারের লক্ষ্য
ঢাকা: ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত নিয়েই কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “এই আইন মূলত ব্যবহার করবেন ব্যবসায়ীরাই। তাই তাদের প্রয়োজন, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ চাহিদার ভিত্তিতেই আইনটিকে যুগোপযোগী করতে হবে।”
সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধন-২০২৬-এর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন হয়নি। এর মধ্যে ব্যবসা পরিচালনার ধরন, প্রযুক্তি, বিনিয়োগ কাঠামো ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে বর্তমান বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি আধুনিক করা জরুরি।
আইনটি তাড়াহুড়ো করে চূড়ান্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়া সংশোধনী পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এই সময় আরও বাড়ানো হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কার্যকর কোম্পানি আইন পর্যালোচনা করে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো গ্রহণ করা হবে। বিশেষ করে যেসব দেশে ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ ও বিনিয়োগবান্ধব, সেসব দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক উন্নয়নে সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি আইন সংস্কার বৃহত্তর অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা সহজ করা গেলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
ব্যবসায়ীদের দায়িত্বশীল ও বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশের আইন ও ব্যবস্থার সঙ্গে তুলনা করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রস্তাব দিতে হবে।
সভায় সংশোধনী খসড়া উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বারবিডার সভাপতি আবদুল হক এবং ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!