নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে আনুমানিক পাঁচ মাস বয়সী একটি মৃত ভ্রূণও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়া এলাকার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে আলমগীর ও নাজমা ওই কক্ষটি ভাড়া নেন। নাজমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং আলমগীর হকার হিসেবে কাজ করতেন। স্থানীয়দের দাবি, কক্ষটি ভাড়া নেওয়ার সময় নাজমা অন্তঃসত্ত্বা ছিলেন।
গত তিন দিন ধরে কক্ষটি তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের ভাড়াটিয়াদের সন্দেহ হয়। বিষয়টি ভবন মালিককে জানানো হলে প্রথমে বিড়াল মারা যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে ধারণা করা হয়। পরে দুর্গন্ধ আরও তীব্র হলে মালিক ও ভাড়াটিয়ারা তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন।
ভেতরে খাটের ওপর নাজমা ও আলমগীরের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই কক্ষ থেকে একটি মৃত ভ্রূণও উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলের বিভিন্ন আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে রেখে তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল, ঢাকা জেলা পিবিআই এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহত নাজমার বোন শাপলা বেগম বলেন, তারা দুই বোনই জামগড়ার একই কারখানায় কাজ করেন। শনিবার নাজমা কাজে না যাওয়ায় তিনি ভেবেছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ায় হয়তো কোনো শারীরিক সমস্যার কারণে কাজে যেতে পারেননি।
তিনি দাবি করেন, তার বোন ও দুলাভাইকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে তার এ দাবির সত্যতা তদন্ত ও ময়নাতদন্তের মাধ্যমে যাচাই হবে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে জামগড়ার একটি তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে আনুমানিক পাঁচ মাস বয়সী একটি মৃত ভ্রূণও পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলের আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ওই নারীর গর্ভপাত কীভাবে হয়েছে এবং ভ্রূণটি কীভাবে বের হয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় জামগড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন দেখা দিলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!