পাবনা প্রতিনিধি: পাবনায় বসতবাড়িতে চাষ করা ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ দেওয়ান ইন্তাজ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে পৃথক অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার মজিদপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালানো হয়। উপপরিদর্শক সোহানের নেতৃত্বে অভিযানে দেওয়ান ইন্তাজ আলীর নিজ বসতবাড়ি থেকে ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ইন্তাজ আলী পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া গ্রামের মৃত দেওয়ান খোরশেদ আলীর ছেলে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক সোহান বাদী হয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে, পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদীর মুলাডুলি ও দাশুড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও পাঁচ মাদকসেবীকে আটক করা হয়।
আটকরা হলেন—সেতু (৪০), হালিম (৫০), আব্দুল রাজ্জাক (৩৯), হানিফ (২১) ও শহীদুল ইসলাম রুবেল (৪৪)।
পরে ডিএনসির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেওয়া হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধে ছয়জনকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান চলবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!