ঢাকা: ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এর পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই প্রতিযোগিতার মহিলা সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর রানার্স আপ হয়েছে বিজিবি।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ২৮ থেকে ৩০ আগস্ট তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সভাপতিত্ব করেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দল অংশ নেয়। এতে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৪৫০ জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি—উভয় দলই চারটি স্বর্ণ ও চারটি রৌপ্যসহ মোট আটটি পদক অর্জন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে চারটি তাম্র পদক নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়েছে।

মহিলা সিনিয়র বিভাগে চারটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ছয়টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে, দুটি স্বর্ণ ও একটি তাম্রসহ মোট তিনটি পদক নিয়ে রানার্স আপ হয়েছে বিজিবি।
অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শায়রুল কবির খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, খেলাধুলার মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তায়কোয়ানডোসহ বিভিন্ন ক্রীড়ায় বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষের প্রতিফলন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!