রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

সাভারে ডিভাইডার টপকে ঝুঁকিপূর্ণ পারাপার, বাড়ছে দুর্ঘটনা

সাভারে ডিভাইডার টপকে ঝুঁকিপূর্ণ পারাপার, বাড়ছে দুর্ঘটনা

সাভার প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশের বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে রোড ডিভাইডার টপকে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। চলন্ত যানবাহনের সামনে দিয়ে এভাবে রাস্তা পারাপারের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ।

এমনকি অনেককে মহাসড়কের মূল লেনে দাঁড়িয়ে ডিভাইডার টপকে বাসে উঠতেও দেখা যায়। তাড়াহুড়া ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডিভাইডার টপকে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ হারান স্থানীয় হকার নেতা কবির হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুত রাস্তা পার হওয়ার সময় চলন্ত বাসের নিচে চাপা পড়েন তিনি।

এ ঘটনার পরও সাভার বাসস্ট্যান্ড, পাকিজা, উলাইল ও পোল্ট্রি ফার্ম এলাকায় পথচারীদের ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ হয়নি।

সরেজমিনে দেখা গেছে, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় অফিসগামী মানুষ এবং কারখানা ছুটির সময়ে ডিভাইডার টপকে মহাসড়ক পার হওয়ার প্রবণতা বেশি। অনেক জায়গায় ডিভাইডারের লোহার গ্রিল ভাঙা থাকায় শিশু, নারী ও বয়স্করাও ফাঁকা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।

দ্রুত বাস ধরতে অনেক যাত্রীকে চলন্ত বাসের সামনে দিয়ে দৌড়ে গিয়ে ডিভাইডার টপকে বাসে উঠতেও দেখা যায়। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, সাভার বাসস্ট্যান্ড এলাকায় প্রশস্ত ফুটওভার ব্রিজ থাকলেও অনেক পথচারী তা ব্যবহারে আগ্রহী নন। অল্প সময় বাঁচাতে গিয়ে তারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ডিভাইডার টপকে মহাসড়ক পার হওয়া বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পথচারীদের সচেতন করতে নিয়মিত মাইকিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও অনেকেই তা মানছেন না। এ কারণে প্রায়ই দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিরাপদ সড়ক আন্দোলনের স্থানীয় কর্মী শফিকুল ইসলাম পিন্টু বলেন, শুধু সচেতনতা সৃষ্টি করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মহাসড়কের যেসব স্থানে ডিভাইডারের সংযোগ ভাঙা রয়েছে, সেগুলো দ্রুত মেরামত করতে হবে। পাশাপাশি ফুটওভার ব্রিজগুলো হকারমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ব্যবহারের উপযোগী করতে হবে। প্রয়োজনে নিয়ম না মানা পথচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সাভার হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, মহাসড়কে ঝুঁকি নিয়ে পারাপার না হতে নিয়মিত জনগণকে সচেতন করা হয়। পুলিশও এ বিষয়ে দায়িত্ব পালন করছে। তবে এরপরও ঝুঁকিপূর্ণ পারাপার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকালে প্রাণহানি ঠেকাতে ফুটওভার ব্রিজ ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন সচেতন মহল।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হু...
পরবর্তী সংবাদবরগুনা চেম্বার নির্বাচনে নজরুল ইসলা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ