মুগদায় ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মুগদায় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি মুরগির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৮ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে ওই এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!