বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোল্লাহাট কলেজ মাঠে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের (টিডিএফ) উদ্যোগে এবং এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী।
অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রত্যেককে একটি করে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষের প্রত্যেককে একটি করে ভ্যান দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, হুইলচেয়ার দেওয়ার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সচল করার চেষ্টা করা হয়েছে। একইভাবে ভ্যান দেওয়ার মাধ্যমে খেটে খাওয়া মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ ভ্যান চালিয়ে উপার্জন করলেও ভ্যানের মালিককে ভাড়া দিতে হয়। নিজস্ব ভ্যান পাওয়ায় এখন তারা নিজেদের শ্রমের উপার্জনের পুরোটা পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করতে পারবেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরবে এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে।
অনুষ্ঠানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের (টিডিএফ) মহাপরিচালক মাওলানা মাসরুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!