ঢাকা, ১১ নভেম্বর: স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন বিটিএমএর নেতারা।
সভায় বিটিএমএর প্রতিনিধিরা বলেন, স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা জরুরি। পাশাপাশি ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের জটিলতা দূর করার দাবি জানান তাঁরা।
এদিকে ব্যবসা পরিচালনায় গতিশীলতা আনতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (ইডিএফ) বরাদ্দে সমতা ও তহবিলের আকার বাড়ানো এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদানের প্রক্রিয়া সহজ করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিটিএমএ।
তবে সভায় সরকার জানায়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন। ফলে আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
সভায় উত্থাপিত অন্যান্য প্রস্তাব ও দাবির বিষয়ে সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!