ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চাইলে আগামীকালই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প—এমন খবরের মধ্যেই তার এই মন্তব্য সামনে এলো।
ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা হামলা করার কথা ভাবছি, আর সেটা হয়তো আগামীকালই (রোববার)।’ তবে সামরিক পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের আগাম কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ইরান নতুন করে সামরিক হামলা এড়াতে পারে। তবে তেহরান চুক্তি করতে চাইলেও সেটি মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যাতে ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার মূল লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের চালানো অভিযান দীর্ঘমেয়াদে এ লক্ষ্য নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেননি তিনি।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না জানিয়ে ট্রাম্প বলেন, সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের সমাপ্তি টানা হতে পারে, অথবা ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। তার ভাষায়, ‘যেভাবেই হোক, জয় আমাদেরই।’
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হলেও সংঘাতের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!