নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২১ অক্টোবর ২০২৬: সুন্দরবনের পরিবেশ ও পরিস্থিতি পর্যবেক্ষণ, মোংলা বন্দরের কার্যক্রম পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় তিনি বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি।
পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চ টার্মিনালে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছাবেন।
দুপুরে সেখানে পৌঁছে মধ্যাহ্নভোজের পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সম্মেলনকক্ষে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি সুবিধা পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সফরসূচির তথ্য জানানো হয়েছে। সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!