নিজস্ব প্রতিবেদক: আইইউটির সমাবর্তনে গ্র্যাজুয়েটদের উদ্দেশে আহ্বান—নিজের সাফল্যের পাশাপাশি সমাজ ও মানবতার কল্যাণে কাজ করুন
প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা, ত্যাগ, ধৈর্য ও কঠিন সংগ্রামের গল্প। তাই জীবনে সফল হওয়ার পাশাপাশি পরিবারের অবদান স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
রোববার (১১ অক্টোবর) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাহ্দী আমিন বলেন, গ্র্যাজুয়েটদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অনেক সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা, পেশাগত ক্যারিয়ার, চাকরি কিংবা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তাঁরা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও মানবতার প্রতি তাঁদের বৃহত্তর দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, আইইউটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ঐতিহ্য ও দক্ষ প্রকৌশলীদের অবদান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত। এখান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা আইইউটির সুনাম ও পরিচয় নিজেদের সঙ্গে বহন করবেন।
আইইউটির সঙ্গে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পৃক্ততার কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে আইইউটির বিশেষ তাৎপর্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, অর্জিত ডিগ্রি, জ্ঞান ও দক্ষতা দিয়ে তাঁরা কী করবেন, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজেদের ক্যারিয়ার গড়া ও ব্যক্তিগত সাফল্য অর্জনের পাশাপাশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার দায়িত্বও তাঁদের নিতে হবে। এমন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, যাঁরা নেতৃত্ব দিতে পারবেন এবং সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করবেন।
প্রযুক্তির পরিবর্তনশীল বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এআই দিয়ে তথ্য বিশ্লেষণ, কোড লেখা ও নতুন উদ্ভাবন করা সম্ভব। কিন্তু প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হবে, তা নির্ধারণ করবে মানুষের মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সুবিবেচনা।
তিনি বলেন, প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহৃত হবে, নাকি মানুষের জন্য ক্ষতির কারণ হবে—সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষেরই। তাই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সমাজ, নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে গ্র্যাজুয়েটদের।
বাংলাদেশের প্রকৌশলী ও গবেষকদের বাস্তবমুখী উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিল্পখাতের পরিবর্তন, বাস্তব সমস্যার সমাধান এবং সমাজের জন্য কার্যকর উদ্ভাবন তৈরিতে তরুণদের এগিয়ে আসতে হবে। প্রযুক্তির পরবর্তী যুগান্তকারী উদ্ভাবন কেবল সিলিকন ভ্যালি থেকেই আসবে, এমন কোনো কথা নেই। আইইউটির গ্র্যাজুয়েটদের মধ্য থেকেও বিশ্ব বদলে দেওয়া উদ্ভাবন আসতে পারে।
এ ক্ষেত্রে সরকারের যথাযথ সহায়তা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, তাঁরা বিশ্বের যে প্রান্তেই যান না কেন, আইইউটির জ্ঞান, উদ্ভাবন ও মানবকল্যাণের চেতনাকে সঙ্গে নিয়ে যাবেন। দেশ, সংস্কৃতি ও ভাষায় পার্থক্য থাকলেও অভিন্ন চ্যালেঞ্জ, মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষা মানুষকে একসূত্রে যুক্ত করতে পারে। জ্ঞানকে অভিন্ন ভাষা, উদ্ভাবনকে অভিন্ন স্বার্থ এবং মানবতাকে সামগ্রিক লক্ষ্য হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষকেরা তাঁদের জ্ঞান দিয়েছেন, পরিবার দিয়েছে শেকড় ও আত্মপরিচয়, আর শিক্ষা ও ডিগ্রি দিয়েছে এগিয়ে যাওয়ার ডানা। তবে কোন পথে এগোবেন এবং অর্জিত মেধা ও দক্ষতা কীভাবে বৃহত্তর সমাজের কল্যাণে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত নিতে হবে তাঁদেরই।
তিনি বলেন, এমন কিছু তৈরি করতে হবে, যা দীর্ঘস্থায়ী হবে; এমন সমস্যার সমাধান করতে হবে, যা মানুষের জন্য জরুরি। সাহসের সঙ্গে নেতৃত্ব দিতে হবে, বিনয়ের সঙ্গে মানুষের সেবা করতে হবে এবং আত্মবিশ্বাস নিয়ে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে সব গ্র্যাজুয়েটকে অভিনন্দন জানিয়ে মাহ্দী আমিন বলেন, তাঁদের জ্ঞান যেন প্রগতি বয়ে আনে এবং চরিত্র যেন আরও সম্মান অর্জন করে। নিজেদের ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব বিস্তারে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প রয়েছে: মাহ্দী আমিন
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!