নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংক শাখা ও এটিএম বুথ থেকে নির্বিঘ্নে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।
আজ ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মো: মোস্তাকুর রহমানের সাথে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদুল হক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, জনাব মো: সরোয়ার হোসেন ও জনাব মো: আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের ফলে ব্যাংকে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং সার্বিক দক্ষতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
গভর্নর জনাব মো: মোস্তাকুর রহমান সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকট এবং গ্রাহকদের অর্থ উত্তোলনে অসুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখা সর্বাধিক অগ্রাধিকার।
তিনি নির্দেশ দেন যে, আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে গ্রাহকরা যাতে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংকের সকল শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের ১৫ অক্টোবর থেকে টাকা উত্তোলনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!