হজযাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা | ২৪ ঘণ্টার মধ্যে সেবা নিশ্চিতের নির্দেশ | ২০২৭ সালে বাংলাদেশের প্রাথমিক হজ কোটা ৭৮,৫০০
আল্লাহর মেহমান হজযাত্রীরা কোনো ধরনের কষ্ট, অবহেলা বা জুলুমের শিকার হলে তা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেছেন, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রীই সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। হাজিদের সেবায় বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স/লিড এজেন্সির মধ্যে হজযাত্রী কোটা বণ্টনসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো হজযাত্রী যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সৌদি আরবের সব বিধিবিধান যথাযথভাবে মেনে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কেউ এলে তা ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কাউকে অযথা ঘোরানো বা হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, কোনো কাজে ভুলত্রুটি হলে একে অপরের দোষ খোঁজার পরিবর্তে দ্রুত সমস্যা সমাধানে মনোযোগ দিতে হবে। হজ এজেন্সিগুলোর কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, হজ মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি আমানত। সবাইকে নিজেদের ‘খাদিম’ বা সেবক মনে করে দায়িত্ব পালন করতে হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার জানান, সৌদি সরকারের প্রাথমিক নির্ধারণ অনুযায়ী ২০২৭ সালে বাংলাদেশের হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনার নির্ধারিত অংশ বাদ দিয়ে অবশিষ্ট কোটা বেসরকারি হজ এজেন্সিগুলোর মধ্যে বণ্টন করা হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!