নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন নীতিতে একসঙ্গে দুটি বড় আইনি ধাক্কা এসেছে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার প্রস্তাব কার্যকরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ফেডারেল আদালত। একই সময়ে সরকারি সুবিধা গ্রহণকারী বৈধ অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন ২২টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বস্টনের জেলা আদালতের বিচারক এফ. ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ভিসা সীমার বিরুদ্ধে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছেন। মঙ্গলবার থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা ছিল। ট্রেড ইউনিয়ন ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের জোট এ নিষেধাজ্ঞার আবেদন করে।
প্রস্তাবিত নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জে ভিসা সর্বোচ্চ চার বছর মেয়াদি করার কথা ছিল। আর সাংবাদিকদের আই ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিনে সীমিত করার প্রস্তাব করা হয়।
বিচারক সেলর বলেন, জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতি প্রতিরোধের যুক্তিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ব্যাখ্যা ‘অত্যন্ত দুর্বল’। বর্তমান ভিসা ব্যবস্থার মাধ্যমে কয়েক কোটি শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ গবেষণা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্প্রসারণে অবদান রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। নতুন নিয়ম কার্যকর হলে উচ্চশিক্ষা ও মার্কিন অর্থনীতির ওপর ‘বিপর্যয়কর’ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন আদালত।
প্রস্তাবিত পরিবর্তনে প্রায় ১৬ লাখ এফ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থী এবং প্রায় পাঁচ লাখ জে ভিসাধারী বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী প্রভাবিত হতে পারেন।
এদিকে, অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি আরও বিস্তৃতভাবে বিবেচনার সুযোগ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধেও মামলা হয়েছে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে করা পৃথক মামলায় ২২টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি এই বিধান ঠেকানোর আবেদন জানিয়েছে। ছয়টি শহর ও কাউন্টিও পৃথকভাবে মামলা করেছে।
বাইডেন প্রশাসনের সময়ে গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রে নগদ সহায়তা বিবেচনা করা গেলেও খাদ্য সহায়তা বা মেডিকেইডের মতো নগদ নয়—এমন সুবিধা গ্রহণকে সাধারণত নেতিবাচকভাবে বিবেচনার সুযোগ ছিল না। তবে ট্রাম্প প্রশাসন তাঁর প্রথম মেয়াদের নীতি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।
নতুন বিধান কার্যকর হলে খাদ্য সহায়তা ও মেডিকেইডের মতো বৈধ সরকারি সুবিধা গ্রহণও গ্রিন কার্ডের আবেদন মূল্যায়নে নেতিবাচক কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি আবেদনকারীর পরিবারের সদস্যরা কী ধরনের সরকারি সুবিধা নিয়েছেন, সেটিও পর্যালোচনার আওতায় আসতে পারে।
মামলাকারীদের অভিযোগ, কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রশাসন তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। তাদের দাবি, স্থায়ী বসবাসের যোগ্যতার মানদণ্ড নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের। বৈধভাবে পাওয়া সরকারি সুবিধাকে গ্রিন কার্ডের ক্ষেত্রে নেতিবাচকভাবে বিবেচনা করে প্রশাসন ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক বিধিনিষেধ আরোপ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!